
পূর্বস্থলী, ২৬ মার্চ (হি. স.): বৃহস্পতিবার রাজনৈতিক ব্যস্ততা ভুলে বাড়ির বাসন্তী পুজোয় ব্যস্ত থাকলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। মহাঅষ্টমীর পবিত্র তিথিতে তাঁর বাড়িতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বাসন্তী পুজোকে ঘিরে দিনভর উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।২০০৬ সাল থেকে শুরু হওয়া এই পুজো এখন একটি বড় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। সকাল থেকেই ভক্তদের ভিড়, পুজোর নানা আচার-অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণে মুখর ছিল গোটা এলাকা। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও প্রতি বছর এই পুজোয় সময় দেন তিনি।এই পুজোর সূচনার পিছনে রয়েছে একটি আবেগঘন স্মৃতি। স্বপন দেবনাথ জানান, ২০০৬ সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর ১২ জন সহকর্মী মিথ্যা মামলায় জেলবন্দি হয়েছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সহকর্মীরা ফিরে এলে সবাইকে নিয়ে ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই এই বাসন্তী পুজোর সূচনা।সেই সময়ের জেলবন্দি সহকর্মীদের একজন পরিমল দেবনাথ জানান, কঠিন সময়ের স্মৃতি ভুলে একসঙ্গে থাকার বার্তা দেয় এই পুজো। এদিন ভক্তি, আবেগ ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে বিশেষ দিন কাটালেন এলাকার মানুষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়