
কলকাতা, ২৬ মার্চ (হি.স.): আকস্মিক ঝড়-বৃষ্টির আশঙ্কা এবং খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা ২০ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাংশে ঝড়-বৃষ্টির কারণে উড়ান কিছুটা বিলম্বিত হয়। বৃহস্পতিবার জনসভা সেরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচি শেষ করে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে উড়ানও শুরু করে তাঁর বিমান। তবে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার জেরেই বিলম্ব হচ্ছে তাঁর বিমানের অবতরণে।
আবহাওয়া দফতর আগেই এই দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল। দমদম-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আবহবিদদের মতে, আকাশে ১০ থেকে ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় এই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ