
বাসন্তী, ২৬ মার্চ (হি. স.): ভোটের আগেই নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা ছড়ালো বাসন্তীতে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায় বাসন্তী বাজার এলাকায়। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের। বাসন্তী থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে আক্রান্ত হয়। একজন এস আই সৌরভ গুহ সহ মোট ৭ জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি যারা জড়িত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বাসন্তীতে হাট বার হওয়ায় সেখানে জনসংযোগ কর্মসূচি পালন করছিলেন বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। আচমকাই মাঝপথে পুলিশ এসে সেই কর্মসূচি বন্ধ করতে বলে, এমনই অভিযোগ বিজেপির। পুলিশ কর্মসূচিতে বাধা দিলে বিজেপি প্রার্থী সহ অন্যান্য কর্মীরা বাসন্তী বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় এক ব্যক্তি সেখান দিয়ে যেতে চাইলে বিজেপি কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়ায়। আক্রান্ত যুবকের সমর্থনে ময়দানে নামেন এলাকার তৃণমূল কর্মীরা। দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে বাসন্তী থানার পুলিশ আক্রান্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনি বলেন, “একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার জেরে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ৮ জন গ্রেফতার হয়েছে। বাকি যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
বিজেপি প্রার্থীর অভিযোগ, “বাসন্তীতে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এখানে ভোটের প্রচার করতে গেলে আক্রমণের শিকার হতে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানাবো। পুলিশের সামনেই আমাদেরকে মারধর করল, পুলিশকে মারল। এখানে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে! তবে আমরা লড়াইয়ের ময়দান ছাড়ছি না।”
যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বাসন্তী ব্লক তৃণমূলের অন্যতম নেতা রাজা গাজী বলেন, “তৃণমূলের এত খারাপ অবস্থা হয়নি যে বিজেপিকে মেরে ভোট করতে হবে বাসন্তীতে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। ওরাই প্রথমে একজনকে মেরে গণ্ডগোলের সূচনা করে। পুলিশকে মারধর করেছে। সঠিক তদন্ত হলে সত্যি সামনে আসবে।”
গোটা ঘটনায় পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বাসন্তী থানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা