পাণ্ডবেশ্বরে বিজেপিকে নিশানা মমতার
দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেন। এদিন পাণ্ডবেশ্বরের সভায় মমতা সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। তিনি বলেন, এখনও কেন তালিকা প্রকাশ করা যাচ্ছে না? বিজেপি যা খ
পাণ্ডবেশ্বরে বিজেপিকে নিশানা মমতার


দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেন। এদিন পাণ্ডবেশ্বরের সভায় মমতা সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। তিনি বলেন, এখনও কেন তালিকা প্রকাশ করা যাচ্ছে না? বিজেপি যা খুশি করছে। ১ কোটি ২০ লক্ষ বাদ দেবো বলেছিল। প্রথমেই ৫৮ লক্ষ, তারপর ৬০ লক্ষ বাদ দিয়েছে। বিজেপি পার্টি অফিস থেকে পরিকল্পনা করছে।

তালিকায় বাদ পড়া ভোটারদের জন্য মমতা বিনা খরচে আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, “গণতন্ত্র সঙ্কটে। বিজেপি রাজনীতি করে সব বিক্রি করবে—ইসিএল, বিসিসিএল, গেইল, সেইল, রেল সব বিক্রি করবে। দেশটাকে বেচে দেবে।”

আলু চাষিদের উদ্দেশে বলেন, “বিমা আছে, ক্ষতিপূরণ পাবেন। ইচ্ছে করলে আলু বাইরে বিক্রি করতে পারেন।” এই নির্বাচনের লড়াইকে মহাভারতের উপমা দিয়ে বর্ণনা করে মমতা বলেন, “এবারের লড়াই হবে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। বিজেপি ‘কৌরব’, তৃণমূল ‘পাণ্ডব’। এটি ধর্মের সঙ্গে অধর্মের লড়াই।”

নিজের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “পশ্চিম বর্ধমান জেলা গঠন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, অন্ডাল বিমানবন্দর ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়—সব তৃণমূলের সময়ে হয়েছে।” নিজের সততা নিয়েও তিনি বলেন, “আমি জীবনে এক টাকা মাইনে নিইনি, কারও পয়সায় এক কাপ চা খাইনি। তবুও ওরা আমাকে চোর বলছে।”

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গও টানেন মমতা। তিনি বলেন, সরকারে বিজেপি আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন ১১০০ টাকা ছাড়িয়েছে। তৃণমূল না থাকলে সাধারণ মানুষের কিছুই পাওয়ার নেই। ক্ষমতায় ফিরলে ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande