নিয়মিতকরণসহ একাধিক দাবিতে ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের আন্দোলনের সিদ্ধান্ত
আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি। ব
অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মেলন


আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সংগঠনের সদস্যরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করেন। সংগঠনের নেত্রী কল্পনা কলই সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত তাঁদের স্থায়ীভাবে নিয়োগ (নিয়মিতকরণ) করতে হবে।

তিনি আরও বলেন, কর্মীদের ‘সম কাজের সম বেতন’ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্র্যাচুইটি চালু, সরকারি কর্মচারীদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, অবসরকালীন আর্থিক সুরক্ষা নিশ্চিত করা—এই সব দাবিও গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবসর গ্রহণের সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ১০ লক্ষ টাকা এবং সহায়িকাদের জন্য ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। এছাড়াও প্রতি বছর সুপারভাইজার পদে পদোন্নতির ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বর্ষীয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাঁদের অধিকার আদায়ে আগামী দিনে কোন পথে আন্দোলন গড়ে তুলবেন, সেই কৌশল নির্ধারণের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande