
আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : ত্রিপুরায় বিদ্যালয় স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা এবং দীর্ঘদিন ধরে কর্মরত কম্পিউটার শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে সরব হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে সংগঠনের প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মোট ১০৭৯ জন কম্পিউটার শিক্ষক কর্মরত রয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এতদিন পরেও তাঁরা নিয়মিত চাকরির স্বীকৃতি পাননি, যা তাঁদের জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভবেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা, আহ্বায়ক শুভঙ্কর রায় সহ অন্যান্য সদস্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ভবেশ চক্রবর্তী বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই বিদ্যালয় স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। পাশাপাশি এই শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জীবনের স্থায়িত্ব নিশ্চিত করতে তাঁদের অবিলম্বে নিয়মিত করা প্রয়োজন।”
তিনি আরও জানান, কম্পিউটার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, পরিষেবা শর্তের উন্নয়ন এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করাও সংগঠনের অন্যতম প্রধান দাবি। এইসব দাবি নিয়ে ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।
সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দেন নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ