
ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.) : খাবারের সন্ধানে গ্রামে ঢুকে বাড়ির উঠোনে থাকা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খেয়ে ফেলে স্থায়ী হাতি ‘রামলাল’। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুসুমডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে হাতিটি গ্রামে ঢুকে রবীন্দ্র খিলাড়ির বাড়ির উঠোনে থাকা কাঁঠাল গাছের ডাল ভেঙে কাঁঠাল খেতে শুরু করে। পরে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠায়।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পুকুরিয়া বিটের কুন্ডলডিহি, পুকুরিয়া, কুসুমডাঙ্গা ও ঢেঁকিপুড়া সহ একাধিক গ্রামে ঘোরাঘুরি করছে হাতিটি। হাতির গতিবিধি নজরদারির জন্য কুসুমডাঙ্গা, শিমুলডাঙ্গা ও ঢেঁকিপুড়া এলাকায় তিনটি এআই ক্যামেরা বসানো হয়েছে।
পুকুরিয়া বিটের অফিসার ইনচার্জ সোমনাথ ঘোষ জানান, এআই ক্যামেরা ও বনকর্মীদের মাধ্যমে হাতি ‘রামলাল’-এর উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
অন্যদিকে, জামবনি রেঞ্জের কলাবনী এলাকায় ১২ থেকে ১৪টি হাতির একটি দল ধান জমিতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া লোধাশুলি রেঞ্জের জয়বান্ধি ও টুটুহার জঙ্গলে ৩০ থেকে ৩২টি হাতির একটি দল বিচরণ করছে বলেও জানা গিয়েছে।
বনদফতর জানিয়েছে, হাতির দলগুলির উপর নজরদারি জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো