পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভায় উন্নয়ন ও দায়বদ্ধতার বার্তা সাংসদ রাজীবের
আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : সমাজ, রাজ্য ও রাষ্ট্রকে নিজের মনে করে নিরলসভাবে কাজ করার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত থেকে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিকদের উদ্দেশ্
সাংসদ রাজীব ভট্টাচার্য


আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : সমাজ, রাজ্য ও রাষ্ট্রকে নিজের মনে করে নিরলসভাবে কাজ করার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত থেকে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিকদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা।

সভায় গত এক বছরে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অধীনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। সেই প্রতিবেদনকে কেন্দ্র করে জনপ্রতিনিধিরা আলোচনা করেন এবং বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা পরিষদের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিক সকলকে একসঙ্গে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পায়।”

তিনি আরও বলেন, কাজের কোনও শেষ নেই এবং দায়িত্ববোধ নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ কর্মনিষ্ঠার কথা উল্লেখ করেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার উপর জোর দেন।

সভায় পরিবেশ সংরক্ষণ সম্পর্কেও বিশেষ গুরুত্ব আরোপ করেন সাংসদ। তিনি বৃক্ষরোপণ, বৃষ্টির জল সংরক্ষণ এবং স্বচ্ছ ভারত মিশনের মতো কর্মসূচিগুলিকে উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলা পরিষদের সদস্য ও আধিকারিকদের আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande