
আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় এয়ারপোর্ট থানাধীন ঊষা বাজারের অনঙ্গনগর এলাকায় কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে মাইক্রোফিন্যান্স কর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত কর্মীর নাম টোটন দেবনাথ। পুলিশ অভিযুক্ত বলাই ঘোষকে গ্রেফতার করেছে।
জানা গেছে, অনঙ্গনগর এলাকার বাসিন্দা বলাই ঘোষ একটি বেসরকারি মাইক্রোফিন্যান্স সংস্থা ‘আশীর্বাদ’ থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই ঋণের বিপরীতে প্রতি মাসে ২,৫১০ টাকা করে কিস্তি (ইএমআই) পরিশোধ করার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে সংস্থার কর্মী টোটন দেবনাথ এবং সংস্থার এক ম্যানেজার কিস্তির টাকা সংগ্রহ করতে বলাই ঘোষের বাড়িতে যান। অভিযোগ, তাঁদের দেখে বলাই ঘোষ উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে সংস্থার কর্মীরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
এরপরই অভিযুক্ত বলাই ঘোষ বাড়ির বাইরে এসে প্রথমে টোটন দেবনাথের মোটরবাইক লাথি মেরে ফেলে দেন। এতে প্রতিবাদ জানাতে গেলে তিনি রাস্তা থেকে একটি ইট তুলে টোটন দেবনাথের মাথায় ছুড়ে মারেন। আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই কর্মী।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালেই আহত টোটন দেবনাথ ঘটনার বর্ণনা দেন।
ঘটনার খবর পেয়ে মাইক্রোফিন্যান্স সংস্থার আধিকারিকরা এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বলাই ঘোষকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ