
নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : দেশজুড়ে রেললাইন পারাপারের সময় ঘটে চলা দুর্ঘটনা রুখতে তৎপরতা রেল মন্ত্রকের। এই লক্ষ্যে বৃহস্পতিবার নতুন দিল্লিতে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক নির্দেশ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রীর বক্তব্য, যেখানে রেললাইনের এক পাশে বসতি এবং অন্য পাশে মাঠ, স্কুল, শ্মশান বা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ ধরনের সাবওয়ে (পাতাল পথ ) নির্মাণ করা হবে। এর ফলে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি নির্দেশ দেন, সাবওয়ের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষ স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। সাইকেল, মোটরবাইক বা প্রয়োজনীয় সামগ্রী নিয়েও সহজে যাতায়াত করা যাবে—এমন ব্যবস্থা রাখতে হবে। এই উদ্যোগ বৃহৎ জনসংখ্যার জন্য উপকারী হবে বলে মনে করছে রেলমন্ত্রক।
পরিকল্পনা অনুযায়ী, সাবওয়ের কাঠামো আগে থেকেই তৈরি করে পরে নির্দিষ্ট স্থানে বসানো হবে। কাজের সময় ট্র্যাক ‘ব্লক’ করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সাবওয়ে বসিয়ে দেওয়া হবে।
রেলমন্ত্রী আরও জানান, জল জমার সমস্যা এড়াতে নকশায় বিশেষ গুরুত্ব দিতে হবে এবং এই ব্যবস্থা দীর্ঘমেয়াদি হতে হবে। আগামী ৫-৬ বছরের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার নির্দেশও দেন তিনি।
রেল মন্ত্রকের মতে, বাস্তবসম্মত ও সংবেদনশীল পরিকল্পনার মাধ্যমেই সাধারণ মানুষের এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য