
বাঁকুড়া, ২৬ মার্চ (হি.স.) : শুক্রবার সকাল ৯টায় বাঁকুড়ার নতুনচটির পাঁচবাগা ময়দান থেকে রামনবমীর মিছিল শুরু হবে। বিশ্বের হিন্দু পরিষদের তত্বাবধানে শ্রীরাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে প্রতিবছরই ধর্মীয় মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার সকালে সদর থানার আইসি ও অতিরিক্ত পুলিশ সুপার বৈঠক ডেকে শান্তিপূর্ণ মিছিলের জন্য আলোচনা করেন। নির্বাচনী বিধি মেনে মিছিল করার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোনও ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। উদ্যোক্তারাও শান্তিপূর্ণ মিছিল করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
শ্রীরাম নবমী উদযাপন সমিতির সম্পাদক রাম অবতার আগরওয়াল জানান, ১০ হাজারের বেশি রামভক্ত এই ধর্মীয় মিছিলে অংশ নেবেন। সকলকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
উদ্যোক্তাদের পক্ষে হরসুন্দর দত্ত বলেন, মিছিলে শ্রীরামের প্রতিকৃতি ছাড়াও ভারতমাতা, রামশীলা, গোমাতা ও শিবাজী মহারাজের প্রতিকৃতি সহ ট্যাবলো থাকবে। এছাড়াও থাকবে ব্যান্ড পার্টি, মহিলা ঢাকি। ঢাক-ঢোলের সমাহারে সজ্জিত মিছিল শহর পরিক্রমা করবে বলেও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট