হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ, বাড়িতে হামলা, ধর্মনগর উত্তাল
ধর্মনগর (ত্রিপুরা), ২৬ মার্চ (হি.স.) : ধর্মনগরের মঙ্গলকালীতে খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষুব্ধ জনতা মঙ্গলকালী বড় মসজিদের সামনে প্রায় দুই ঘণ্টা পথ অব
বাড়িতে অগ্নিসংযোগ


ধর্মনগর (ত্রিপুরা), ২৬ মার্চ (হি.স.) : ধর্মনগরের মঙ্গলকালীতে খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষুব্ধ জনতা মঙ্গলকালী বড় মসজিদের সামনে প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা তিন অভিযুক্ত—জুবেদ আহমেদ, সাদ্দাম হুসেন ও সাব্বির হুসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

উত্তর ত্রিপুরার ধর্মনগরের মঙ্গলকালী এলাকায় গত ২১ মার্চ ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের ফলে ধর্মনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়ে। অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীরা ব্যাপক দুর্ভোগের শিকার হন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলতে থাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, ক্ষুব্ধ জনতার একাংশ হঠাৎ করেই অভিযুক্তদের বাড়ির উপর চড়াও হয়। অভিযোগ, তারা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

অন্যদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande