
ঝাড়গ্রাম, ২৭ মার্চ (হি.স.) : নির্বাচন আবহে ঝাড়গ্রামে ফের তৃণমূল কংগ্রেসে ভাঙনের দাবি তুলল বিজেপি। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনপুর সফরের আগেই বেলপাহাড়ি এলাকায় ১০০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
বিজেপি সূত্রে খবর, বেলপাহাড়ির লালজল এলাকায় তৃণমূলের একাধিক পরিবার দল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এদিন নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।
বিজেপির দাবি, প্রাক্তন যুব তৃণমূলের ব্লক সভাপতি রাজীব মাহাত দল ছাড়ার পর থেকেই এলাকায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক গ্রাম থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগদানের ফলে বিনপুরে তাদের সংগঠন আরও মজবুত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বেলপাহাড়ির জোড়াম ও জামতলগোড়া এলাকা থেকে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে সামিল হতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ।
তবে এই দাবি নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো