
আরামবাগ, ২৮ মার্চ (হি.স.) : হুগলির গোঘাটের সাতবেরিয়া এলাকায় কামারপুকুর–বদনগঞ্জ রোডে নির্মীয়মাণ সেতুর উপর বালি বোঝাই একটি ডাম্পার উঠে পড়ে উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের কাজ চলাকালীন পর্যাপ্ত সতর্কতা না নিয়েই ডাম্পারটি ব্রিজের উপর উঠে পড়ে। এর ফলে হঠাৎই যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে যায়। ব্যস্ত এই রাস্তায় দীর্ঘক্ষণ ধরে গাড়ির লাইন পড়ে থাকে, চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ যন্ত্রের সাহায্যে ডাম্পারটি সরানোর কাজ শুরু হয়। কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত ডাম্পার সরিয়ে ফেলা সম্ভব হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
এই ঘটনায় বড় কোনও দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। তবে নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এমন ব্যস্ত সড়কে সেতু নির্মাণের সময় যথাযথ নিরাপত্তা ও নজরদারির অভাবেই এই ঘটনা ঘটেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য নির্মাণকারী সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA