
টিটাগড়, ২৮ মার্চ (হি. স.): বিধানসভা নির্বাচনের মুখে ভাটপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এল। শনিবার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেপি নেতা রাজ বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। টিটাগড়ে অবস্থিত দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা সহ জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে দাবি, রাজ বিশ্বাসের যোগদানের ফলে ভাটপাড়া এলাকায় বিজেপির সংগঠনে বড়সড় ধাক্কা লাগবে এবং তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে।রাজ বিশ্বাস দীর্ঘদিন ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন এবং অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল ভাটপাড়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়