
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.) : শনিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন'টা পর্যন্ত অন্ধকারে ডুব দেবে নতুন দিল্লির ইন্ডিয়া গেট। জানা গিয়েছে, 'আর্থ আওয়ার ২০২৬'-এর অংশ হিসেবেই এই পদক্ষেপ। পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ করা হয়ে থাকে।
প্রসঙ্গত, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে এই 'আর্থ আওয়ার' উদ্যোগের সূচনা হয়েছিল। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে অংশ নেন আর্থ আওয়ারে। প্রথম বছর সিডনিতে একটি প্রতীকী 'সুইচ-অফ' দিয়ে এর শুরু হয়েছিল। আজ এটি ১৯০টিরও বেশি দেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের এক বিশ্বব্যাপী ডাক হয়ে উঠেছে। বিগত ২০ বছরে, আর্থ আওয়ার সচেতনতা থেকে পদক্ষেপে পরিণত হয়েছে। এটি সাধারণ মানুষ, সম্প্রদায় এবং প্রতিষ্ঠানকে আরও পরিবেশবান্ধব জীবনযাপন করতে এবং কম কার্বন নিঃসরণের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ