
গুয়াহাটি, ২৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে দলীয় তথা এনডিএ–প্রার্থীদের সমর্থনে গুয়াহাটিতে বিশাল রোড-শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ।
দু-দিনের নির্বাচনী সফরে আজ শনিবার বিকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানান বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যরা।
বিমানবন্দর থেকে সড়কপথে চলে আসেন মহানগরের আর্য বিদ্যাপীঠ ময়দানে। ময়দানে উপস্থিত হাজার হাজার দলীয় কার্যকর্তা ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি খোলা গাড়িতে বিজেপি সহ চার এনডিএ-প্রার্থী এবং প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াকে সঙ্গে নিয়ে বিশাল রোড-শোয় অংশ নিয়েছেন। রোড-শোটি গুয়াহাটির গুরুত্বপূর্ণ এলাকাগুলি অতিক্রম করেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানাতে ব্যাপক জনসমাগম হয়েছে। রাস্তার দু-পাশে ছিলেন হাজারো মহিলা-পুরুষ নাগরিক। পুষ্প বর্ষণ ও নাচে-গানে দলের নেতাকে স্বাগত জানান তাঁরা।
রোড-শো শেষে গুয়াহাটিতে দলের প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে চলে যান অমিত। সেখানে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, সাংসদ প্রদান বরুয়া, সাংসদ বিজুলি কলিতা মেধি, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, দলীয় প্ৰাৰ্থী সহ দলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যাকর্তার সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতা শাহ।
আজ রাত গুয়াহাটিতে কাটিয়ে আগামীকাল রবিবার যাবেন শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি চা বাগানের ফুটবল মাঠে। সেখানে মন্ত্রী অশোক সিংঘলের নির্বাচনী প্রচার সমাবেশে ভাষণ দেবেন তিনি। ঢেকিয়জুলির কার্যক্রম শেষ করে তিনি চলে আসবেন নলবাড়ি জেলার টিহুতে। টিহুতে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সমর্থনে চামতা হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত জনসভায় দেবেন ভাষণ।
দুদিনের সফর শেষ করে আগামীকাল দিল্লি চলে যাবেন তিনি। এর পর ২ এপ্রিল আবার অসমে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। ওইদিন তিনি বরাক উপত্যকায় গিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। তিনি শিলচরে ডা. রাজদীপ রায় এবং শ্রীভূমি জেলার বাজারিছড়ায় গিয়ে পাথারকান্দি আসনে বিজেপি-প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে জনসভা করবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস