
ঝাড়গ্রাম, ২৮ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল। শনিবার হিন্দু সুরক্ষা বাহিনী জানিয়েছে, জেলার চারটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দেবে। ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সভাপতি কর্ণ পাল জানান, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উন্নয়নমূলক কাজ হলেও এখনও বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই বিকল্প শক্তি গড়ে তুলে মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের সংগঠন।
সংগঠনের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনও ফি না নেওয়া এবং কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঝাড়গ্রাম কেন্দ্রে শুভাশিস কারক, গোপীবল্লভপুরে বিমল পাল, নয়াগ্রামে সুমি হেমব্রম এবং বিনপুরে নিতাই সরদারকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়ার একাধিক কেন্দ্র এবং খড়গপুরের গ্রামীণ ও শহর আসনেও প্রার্থী দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংগঠন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহলে নতুন এই শক্তির আগমন ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্দিষ্ট ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তার করতে পারলে বড় দলগুলির ফলাফলেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো