
ঝাড়গ্রাম, ২৮ মার্চ (হি.স.) : রামনবমী উপলক্ষে ঝাড়গ্রামের জামবনি ব্লকের বড়শোল গ্রামে শুরু হওয়া হরিনাম সংকীর্তনের মাঝেই কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল আয়োজক কমিটি। শুক্রবার রাতের ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় উৎসবের প্যান্ডেল ও আলোকসজ্জা।
প্রতি বছরের মতো এবছরও বড়শোল সর্বজনীন বারোয়ারী উৎসব কমিটির উদ্যোগে তিন রাত্রি ও চারদিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর উৎসবের ৫৭তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী আয়োজন।
কিন্তু উৎসব চলাকালীন শুক্রবার গভীর রাতে আচমকা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়। বজ্রপাতে নষ্ট হয়ে যায় ডিজি সেট এবং আলোকসজ্জার একাংশ। পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়ায় প্যান্ডেলের একটি বড় অংশ ভেঙে পড়ে যায়।
এই ঘটনায় চরম সমস্যায় পড়ে আয়োজক কমিটি। শনিবার সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে নতুন করে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছেন সদস্যরা। দ্রুত উৎসবের পরিবেশ স্বাভাবিক করতে জোরকদমে চলছে পুনর্গঠনের কাজ। কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল ও ঝুলন মাহাত জানান, “ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বছর চাঁদাও তেমনভাবে ওঠেনি। এই পরিস্থিতিতে সবকিছু সামলানো কঠিন হয়ে পড়েছে।”
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উৎসব চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আবারও উৎসবের ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো