
নলহাটি, ২৮ মার্চ (হি. স.):-বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী পদ পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে বীরভূমের নলহাটি বিধানসভা এলাকায় বিজেপির অন্দরে অশান্তি অব্যাহত রয়েছে। নলহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অনিল সিংয়ের নাম ঘোষণার পর থেকেই দলের একাংশ কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।শনিবার নলহাটি শহরের বিজেপি দলীয় কার্যালয়ে প্রার্থী অনিল সিংকে নিয়ে বৈঠকের ঘোষণা হতেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তবে প্রার্থীকে ছাড়াই দলীয় কার্যালয়ের ভিতরে রুদ্ধদ্বার বৈঠক করেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শংকর ব্যানার্জী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বৈঠক চলাকালীন ভিতরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং চেঁচামেচির ঘটনাও ঘটে বলে জানা গেছে।বৈঠক শেষে জেলা সভাপতি জানান, রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী করবে, তাকে নিয়েই দল প্রচার চালাবে। দলে ব্যক্তি নয়, দলই আগে—এমনটাই তিনি কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। যদিও ক্ষুব্ধ কর্মীদের একাংশ প্রার্থী বদলের দাবিতে অনড় রয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, অনিল সিং প্রার্থী থাকলে তারা মেনে নেবেন না।পরে জেলা নেতৃত্ব প্রার্থী অনিল সিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন। অনিল সিং জানান, দল যে নির্দেশ দেবে তিনি সেই অনুযায়ী কাজ করবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়