
রেওয়ারি, ২৮ মার্চ (হি.স.): হরিয়ানার রেওয়ারির ফিদেড়ির এক সংশোধনাগার থেকে দুই বন্দি পলাতক| এই ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে, সঙ্গে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে| জানা গেছে, উভয় বন্দিই উত্তর প্রদেশের বাসিন্দা| একজন রামপুরার বাসিন্দা ফয়জান, আরেকজন এটাওয়ার বাসিন্দা জাহিদ। তাদের উভয়ের বিরুদ্ধেই সাইবার জালিয়াতির অভিযোগ রয়েছে। সংশোধনাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় যখন নিয়মমাফিক বন্দিদের গণনা করা হয়, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে|
সংশোধনাগারের এক কর্মী জানিয়েছেন, শুক্রবার দুপুর প্রায় দেড়টা নাগাদ ওই দুই বন্দিকে শেষবার সংশোধনাগার চত্বরেই দেখা গিয়েছিল। সংশোধনাগার কর্তৃপক্ষ আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ মেলেনি| এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। সদর থানার এক আধিকারিক জানিয়েছেন, তিনটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, রেওয়ারির এই সংশোধনাগার হরিয়ানার অন্যতম অত্যাধুনিক সংশোধনাগার হিসেবে দাবি করা হয়। এটি উদ্বোধনের সময় অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার দাবি করা হয়েছিল প্রশাসনের তরফে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ