
আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : বিধি ভঙ্গ করে ড্রামে করে পেট্রোল বিক্রির অভিযোগে রাজধানী আগরতলায় গণরাজ চৌমুহনিস্থিত জ্যোৎস্না পেট্রোলিয়াম এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। ওই পেট্রোল পাম্পটিকে শোকজ নোটিশ জারি করার পাশাপাশি আগামী কয়েকদিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা নিয়ে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও কেন্দ্র বা রাজ্য সরকার এখনও পর্যন্ত জ্বালানি তেলের ঘাটতি বা ‘এনার্জি লকডাউন’ নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করেনি, তবুও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর জেরে অনেকেই অতিরিক্ত জ্বালানি মজুত করার প্রবণতা দেখাচ্ছেন।
এই প্রেক্ষাপটে শুক্রবার গণরাজ চৌমুহনিস্থিত ওই পেট্রোল পাম্প থেকে এক ব্যক্তি ড্রামে করে পেট্রোল সংগ্রহ করে নিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে প্রশাসনের একটি যৌথ দল পেট্রোল পাম্পে হানা দেয়। দলে ম্যাট্রোলজি, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিললে সঙ্গে সঙ্গেই পাম্প কর্তৃপক্ষকে শোকজ করা হয়।
প্রশাসনের এক আধিকারিক জানান, জ্বালানি তেল ড্রামে বা অনুমোদনহীন পাত্রে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই জননিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলবে এবং প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি জানান।
এদিকে, প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত নজরদারি চালানো হলে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ