
সাব্রুম (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শনিবার ২৬-বীরচন্দ্রনগর-কলসি কেন্দ্রের অন্তর্গত মানপাথর বাজার এলাকায় ব্যাপক এরিয়া ডমিনেশন এক্সারসাইজ ও ফুট পেট্রোলিং পরিচালিত হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজাদ পি এবং পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি। তাঁদের উপস্থিতিতে জেলা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ৯ নম্বর ব্যাটালিয়নের প্রায় ১০০ জন জওয়ান অংশগ্রহণ করে গোটা এলাকায় নিরাপত্তার দৃঢ় উপস্থিতি প্রদর্শন করেন। বাজার এলাকা ও সংলগ্ন জনবসতিপূর্ণ অঞ্চলে টহল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাঁদের মতামতও নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি যেকোনও ধরনের অসামাজিক কার্যকলাপ কিংবা আইন ভঙ্গের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ নম্বর ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস-এর উদ্যোগে ২৭ ও ২৮ টিটিএএডিসি কেন্দ্র এলাকায় একটি ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডেপুটি কমান্ডেন্ট লালহিম মলসম। উপস্থিত ছিলেন সাব্রুম ও মনু থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
তুইকুম্ভা, তইছামা, মনুবনকুল, পুরান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই ফ্ল্যাগ মার্চ পরিচালিত হয়। প্রায় ৪৫ জন পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান এবং ৮-৯টি যানবাহন অংশগ্রহণ করে।
ফ্ল্যাগ মার্চ চলাকালীন পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং ভয়মুক্ত পরিবেশে ভোটদানের আশ্বাস প্রদান করে। মহাকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, “নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সকলকে শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলিতেও এ ধরনের নজরদারি ও টহল আরও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ