
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শনিবার এক বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে পাঁচজন পুলিশ পর্যবেক্ষককে বদলে দিল নির্বাচন কমিশন। এই সমস্ত আধিকারিকদের অন্য রাজ্য থেকে নির্বাচনী ডিউটির জন্য নিযুক্ত করা হয়েছিল।
সূত্র অনুযায়ী, যাদের বদল করা হয়েছে তাঁদের মধ্যে বিহার ক্যাডারের আইপিএস জয়ন্ত কান্তও রয়েছেন। তাঁকে মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্র— মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের লিখিত অভিযোগের পরেই তাঁকে সরানো হয়।
তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল যে, জয়ন্ত কান্তের সঙ্গে বিহারের এক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতার পারিবারিক সম্পর্ক রয়েছে, যা তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এই অভিযোগ পর্যালোচনার পর কমিশন তাঁকে বদল করার সিদ্ধান্ত নেয়। তাঁর জায়গায় বিহার ক্যাডারেরই অন্য এক আইপিএস আধিকারিক হৃদয় কান্তকে মালদা জেলার ওই চারটি বিধানসভা আসনের নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এ ছাড়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু বিধানসভা আসনের দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ পর্যবেক্ষকদেরও বদল করা হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রয়োজন অনুসারে তিন ধরণের পর্যবেক্ষক নিয়োগ করা হয়। এর মধ্যে রয়েছে সাধারণ পর্যবেক্ষক , পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক ।
এবার পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের প্রত্যেকটির জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও পুলিশি ব্যবস্থা এবং নির্বাচনী খরচের ওপর নজরদারির জন্য পৃথক পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। জানা গেছে, এবার পশ্চিমবঙ্গে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যা নির্বাচন হতে যাওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ।
রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ের ভোটগ্রহণ ২৩ এপ্রিল ১৫২টি আসনে হবে এবং দ্বিতীয় পর্যায়ে ২৯ এপ্রিল বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। ভোটগণনা হবে ৪ মে।
হিন্দুস্থান সমাচার / সোনালি