
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): আইপিএলের ১৯তম আসরের দ্বিতীয় দিন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে শুভসূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার রাতে ২০ ওভারে কলকাতা করে ২২০ রান। কিন্তু এই রান নিয়েও লড়াই করতে পারল না কলকাতা।
১৪৮ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে জয়ের রাস্তা তৈরি করে দিল রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে কলকাতার দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন ভালো খেলেন। মাত্র ১৭ বলে ৩৭ রান করেন অ্যালেন আর ৪০ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন অধিনায়ক রাহানে।
এছাড়া রঘুবংশি ২৯ বলে ৫১ রান করেন ও রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে কেকেআর। মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর ৩ উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়ে মুম্বইকে জয়ের রাস্তা দেখান দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। তাদের জুটি করে ১৪৮ রান। ৩৮ বলে ৭৮ রান করে ফেরেন রোহিত। অন্যদিকে ৪৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিকেলটন।
এরপর সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ারা তাদের সম্মিলিত প্রচেষ্টায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। সেই সঙ্গে ১৩টি মরসুমের খরা কাটিয়ে মুম্বই প্রথম ম্যাচে জয় পেল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি