
নয়াদিল্লি, ৩০ মার্চ, (হি. স.) : ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দলের প্রধান কোচ জোয়াকিম আলেক্সান্দারসন এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ থাইল্যান্ড ২০২৬-এর জন্য ‘ইয়ং টাইগ্রেসেস’-এর ২৩ সদস্যের দল ঘোষণা করলেন।উল্লেখ্য, ২০ বছর পর এই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করা ভারত তাদের অভিযান শুরু করবে জাপানের বিরুদ্ধে খেলা - (২ এপ্রিল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, থাম্মাসাট স্টেডিয়াম)। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৫ এপ্রিল, দুপুর ২টো ৩০ মিনিট, পাথুম থানি স্টেডিয়াম) এবং চাইনিজ তাইপে (৮ এপ্রিল, দুপুর ২টো ৩০ মিনিট, পাথুম থানি স্টেডিয়াম)।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তিনটি গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দল যোগ্যতা অর্জন করবে ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ পোল্যান্ড ২০২৬-এ। এই প্রতিযোগিতা ফ্যানকোড-এ সরাসরি সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ ব্যাংককে পৌঁছায় ইয়ং টাইগ্রেসেস, যেখানে স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ১৩ দিন সময় পেয়েছে। মোট ২৪ জন খেলোয়াড় নিয়ে দলটি রওনা দিলেও, চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করতে গিয়ে ডিফেন্ডার আলকা ইন্দ্বরকে বাদ দেন আলেক্সান্দারসন।
আইডব্লিউএল-এর প্রথম পর্ব শেষ হওয়ার পর জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে শুরু হয় ভারতের প্রস্তুতি শিবির। এরপরে সুইডেনে একমাসের ক্যাম্পে অংশগ্রহণ করে দল। যেখানে তারা সুইডিশ ক্লাবগুলির সিনিয়র দলের বিরুদ্ধে পাঁচটি প্রীতি ম্যাচ খেলে। স্ক্যান্ডিনেভিয়া থেকে ফিরে কলকাতায় অনুশীলন চালিয়ে যায় দল, সেখান থেকেই তারা থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেয়।
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ থাইল্যান্ড ২০২৬-এর জন্য ভারতের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: - মোনালিশা দেবী মৈরাংথেম, নন্দিনী, রিবানসি জামু।
ডিফেন্ডার: - সিন্ডি রেমরুয়াতপুই কোলনি, নিশিমা কুমারী, রেমি থোকচম, রুচি যাদব, সাহেনা টি এইচ, শুভাঙ্গী সিং, থোইবিসানা চানু তোইজাম।
মিডফিল্ডার: - অঞ্জু চানু কায়েনপাইবাম, আরিনা দেবী নামেইরাকপাম, ভূমিকা দেবী খুমুকচম, মনীষা সিংহ, নেহা, পূজা ও শ্রুতি কুমারী।
ফরোয়ার্ড: - ববিতা কুমারী, দীপিকা পাল, লিংদেইকিম, শিলজি শাজি, শিবানী দেবী নংমেইকাপাম, সুলাঞ্জনা রাউল।
প্রধান কোচ: - জোয়াকিম আলেক্সান্দারসন
সহকারী কোচ: - পরমিতা সিট
গোলকিপিং কোচ: হামিদ কে কে।
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ থাইল্যান্ড ২০২৬-এ ভারতের সূচি: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, ২ এপ্রিল: জাপান বনাম ভারত (থাম্মাসাট স্টেডিয়াম, পাথুম থানি)
দুপুর ২টো ৩০ মিনিট, ৫ এপ্রিল: ভারত বনাম অস্ট্রেলিয়া (পাথুম থানি স্টেডিয়াম, পাথুম থানি)
দুপুর ২টো ৩০ মিনিট, ৮ এপ্রিল: চাইনিজ তাইপে বনাম ভারত (পাথুম থানি স্টেডিয়াম, পাথুম থানি)
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত