
কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : ১৯ তম আই পি এল ক্রিকেট টুর্নামেন্ট চালু হতে বেশ কয়েকদিন বাকি রয়েছে। অধীর অপেক্ষায় অনুরাগীরা। এর পরিপ্রেক্ষিতেই সোমবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে জরুরি ভিত্তিতে বৈঠকে যোগদান করেন বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও সমস্ত প্রতিনিধিরা। সেইসঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ স্থানীয় পদাধিকারীরা। উল্লেখ্য, আইপিএল-এর ১৯তম মরসুম শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তৎপর সমস্ত পক্ষ। আগামী বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে পর্দা উঠবে এই জমকালো টি-টোয়েন্টি লিগের। তার আগে সোমবার মাঠ পরিদর্শনে বসে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সিএবি-র শীর্ষকর্তা, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কেকেআর এবং বিসিসিআই অপারেশনস টিম।
নিরাপত্তা, লজিস্টিকস এবং দর্শক ব্যবস্থাপনা—সব কিছু খতিয়ে দেখা হয়েছে এই বৈঠকে। উচ্চ পর্যায়ের এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেড - কোয়ার্টার্স) মীরাজ খালিদ, সিএবি সচিব - বাবলু কোলে, যুগ্মসচিব - মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ - সঞ্জয় দাস-সহ সিএবি ও কলকাতা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত