
আরামবাগ, ৩১ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বৃষ্টি বাধা হতে পারেনি। মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল আরামবাগে। বৃষ্টিভেজা সকালেও বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রচার চালালেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিথীকা পণ্ডিত।
মঙ্গলবার সকাল থেকেই ছাতা মাথায় কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘুরে বেড়ান তিনি। সাধারণ মানুষের দরজায় গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন, সমস্যার খোঁজ নেন এবং বামফ্রন্টের কর্মসূচি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। বৃষ্টির মধ্যেও স্থানীয় বাসিন্দাদের সাড়া ছিল লক্ষণীয়। বহু জায়গায় তাঁকে স্বাগত জানিয়ে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন মানুষ।
এদিন প্রার্থী বিথীকা পণ্ডিত বলেন, “মানুষ পরিবর্তন চাইছে। আমরা মানুষের পাশে থেকে তাঁদের কথা শুনেই এগোতে চাই।” বামফ্রন্টের তরফে এই ধরনের সরাসরি জনসংযোগমূলক প্রচারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারের তীব্রতা বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA