
আরামবাগ, ৩১ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা ঘিরে খানাকুলে কংগ্রেসের অন্দরমহলে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। দলীয় প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর বাড়ছে।খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রদীপ কুমার করের নাম ঘোষণার পরই প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন হুগলি জেলা-২ (আরামবাগ)-এর কার্যকরী সভাপতি নাজির হোসেন চৌধুরী। তাঁর দাবি, এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য তিনিই উপযুক্ত ছিলেন এবং তাঁর নাম পর্যবেক্ষকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল।হঠাৎ অন্য প্রার্থী ঘোষণায় বিস্ময় প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নতুন প্রার্থীকে এলাকার অনেকেই চেনেন না এবং এই সিদ্ধান্তের পিছনে অস্বচ্ছ প্রভাব থাকতে পারে।যদিও এই সমস্ত অভিযোগ খারিজ করে প্রার্থী প্রদীপ কুমার কর জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুলে কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে, যা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA