
কলকাতা, ৩১ মার্চ (হি.স.): রাজ্যের ভোটের আবহে শীর্ষ আমলাদের রদবদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এই দুই মামলা খারিজ করে দেয়।
রাজ্যে ভোট ঘোষণার পর থেকে একের পর এক আমলা এবং পুলিশকর্তাকে বদলি করেছে কমিশন। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ককুমার নাগ। গত ২৩ মার্চ মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে। মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে সোমবারই কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কল্যাণ। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয়। মঙ্গলবার মামলাটি দায়ের করা হলে খারিজ করে দেয় হাইকোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ