
কোরবা, ৩১ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের কোরবা জেলার রতাখার এলাকায় খাল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জোড়া সেতুর নিচে খালে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে , প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রতীক চতুর্বেদী জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও মৃতের পরিচয় জানার জন্য জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি এবং স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এ সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস