
কোচবিহার, ৩১ মার্চ (হি.স.): রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের কংগ্রেস প্রার্থী তথা প্রবীণ নেতা জয়ন্ত কুমার রায় মঙ্গলবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) শামিল হলেন।
মেখলিগঞ্জের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নিগমানন্দ আশ্রম সংলগ্ন মাঠে আয়োজিত এক রাজনৈতিক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এদিন মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। এই কর্মসূচিতে জেলা কমিটির সাধারণ সম্পাদক বঙ্কিমচন্দ্র রায়, দক্ষিণ মণ্ডল সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়ন্ত কুমার রায় ১৯৯৩ সালে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৬ এবং ২০১১ সালে মেখলিগঞ্জ আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়াই করেন তিনি। দীর্ঘ সময় জেলা কংগ্রেসের সহ-সভাপতি এবং ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।
দলবদল প্রসঙ্গে জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত প্রার্থীকে পরাজিত করতে এবং পশ্চিমবঙ্গকে দুর্নীতি ও শোষণমুক্ত করার লক্ষ্যেই আমি বিজেপিতে যোগ দিয়েছি।” নির্বাচনের ঠিক আগে এই হেভিওয়েট নেতার পদ্ম শিবিরে যোগদান মেখলিগঞ্জে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি