
গড়বেতা, ৩১ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় নির্বাচনী জনসভা থেকে মঙ্গলবার রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত সভা থেকে নাম না করে বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি স্পষ্ট করে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে কোনও ধর্ম, বর্ণ বা জাতির ভিত্তিতে ভেদাভেদ করা হয় না।
গড়বেতা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী উত্তরা সিংয়ের সমর্থনে আয়োজিত এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা আবেদন করা সত্ত্বেও এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি, তাঁরাও খুব শীঘ্রই তা পেতে শুরু করবেন। রাজ্যের মা-বোনেরা আজীবন এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে জাতি-ধর্ম-বর্ণের কোনও স্থান নেই, সকলেই এর সমান অংশীদার।
এদিন মুখ্যমন্ত্রী আলু চাষিদের সমস্যার কথা উল্লেখ করে আশ্বস্ত করেন যে, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। তিনি বলেন, অন্যান্য ফসলের মতো আলু চাষিদের জন্যও বিমার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনও প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হয়, তবে সরকার কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে।
গড়বেতার উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সরকারের আমলে এই অঞ্চলে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র (আইটিআই), সৌরবিদ্যুৎ প্রকল্প, উন্নত মানের রাস্তা ও সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়াও ‘জল স্বপ্ন’ প্রকল্পের অধীনে ৩৫টি কাজ সম্পন্ন হয়েছে এবং একটি নতুন বাস টার্মিনাস তৈরি করা হয়েছে। লালগড় সংলগ্ন এই অঞ্চলের পুরনো অশান্ত দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এক সময় এই এলাকায় হিংসা ও ভয়ের পরিবেশ ছিল, কিন্তু এখন মানুষ শান্তিতে আছেন এবং পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা নির্ধারিত ছিল। এদিন চন্দ্রকোণা ও গড়বেতার পর বিষ্ণুপুরেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো।
হিন্দুস্থান সমাচার / সোনালি