
চন্দ্রকোণা, ৩১ মার্চ (হি.স.): চন্দ্রকোণা থেকে আলুচাষিদের ক্ষতি নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা আইসিডিএস-এর জন্য আলু কিনব। বিজেপি নেতারা যারা ব্যবসা করছেন করুন, কিন্তু গরিবদের পেটে লাথি মারবেন না। আলু নিয়ে রাজনীতি করবেন না। আলুচাষিরা ক্ষতিপূরণ চাইলে তৃণমূলকে ভোট দিন। ’
ক্ষীরপাইয়ের চড়কডাঙ্গা ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার সভা করেন। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্য্যকান্ত দোলইয়ের সমর্থনে সভা করেন তিনি। আলুচাষিদের ক্ষতি হলে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আলু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের সর্বস্তরের পদাধিকারীদের তো বটেই সকলকেই এই বিষয়ে নজর রাখতে বলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বাংলাকেও ট্রেনে করে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “লক্ষ্য রাখুন কোথায় কী হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ ওরা বাংলাকে বধ করতে চায়।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ