রাজস্থান বোর্ডের দ্বাদশের ফল প্রকাশ, দাপট মেয়েদের, একাধিক রেকর্ড
জয়পুর, ৩১ মার্চ (হি.স.): রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার দ্বাদশ শ্রেণির কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার উদয়পুর কালেক্টরেট থেকে ফল ঘোষণা করে কৃতী পড়ুয়াদের ফোনে অভিনন্দন জানান। এবারের ফলাফল এক
রাজস্থান বোর্ডের দ্বাদশের ফল প্রকাশ, দাপট মেয়েদের, একাধিক রেকর্ড


জয়পুর, ৩১ মার্চ (হি.স.): রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার দ্বাদশ শ্রেণির কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার উদয়পুর কালেক্টরেট থেকে ফল ঘোষণা করে কৃতী পড়ুয়াদের ফোনে অভিনন্দন জানান। এবারের ফলাফল একাধিক কারণে উল্লেখযোগ্য। বিজ্ঞান বিভাগে পাঁচজন পড়ুয়া যৌথভাবে ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে। কলা বিভাগের তিনজন ৯৯.৬০ শতাংশ পেয়ে প্রথম হয়েছে। বাণিজ্য বিভাগের ৯৯.২০ শতাংশ নম্বর পেয়ে এক ছাত্রী প্রথম স্থান অধিকার করেছে।

ফলাফলে আবারও মেয়েদের দাপট স্পষ্ট। কলা ও বিজ্ঞান বিভাগে মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি, যদিও বাণিজ্য বিভাগে ছেলেরা এগিয়ে। তবে সামগ্রিক পাশের হারে গত বছরের তুলনায় সামান্য পতন দেখা গেছে। কলা বিভাগে পাশের হার ৯৭.৫৪ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯৮.৫০ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৯৭.৫২ শতাংশ।

এই বছর বোর্ড নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করে নতুন নজির গড়েছে। ১১ মার্চ পরীক্ষা শেষ হওয়ার পর মার্চ মাসেই ফল ঘোষণা করা হয়েছে। এর আগে ২৪ মার্চ দশম শ্রেণির ফলও প্রকাশিত হয়েছিল।

ফলাফলের মধ্যে উঠে এসেছে একাধিক অনুপ্রেরণামূলক কাহিনি। শ্রীগঙ্গানগরের এক ছাত্রী নিকিতা গুরুতর অসুস্থতা সত্ত্বেও ৯৩.৮০ শতাংশ নম্বর পেয়েছিল, যদিও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে জালোরের কৃষকপুত্র মনোহর ৯৯ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের নজির গড়েছে। জয়পুরের বর্ষা শর্মা রসায়ন ও গণিতে ১০০-তে ১০০ পেয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। এই বছর প্রায় ৯ লক্ষ ১০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর রাজ্যজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande