
গুয়াহাটি, ৩১ মাৰ্চ (হি.স.) : তিন লক্ষাধিক মানুষের মতামত নিয়ে তৈরি সংকল্পপত্র-এ প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্যের পরবর্তী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আজ প্রকাশিত সংকল্পপত্রের ভিত্তিতেই আগামীতে কাজ করবে সরকার, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সৰ্বানন্দ সনোয়াল।
আজ মঙ্গলবার সকালে গুয়াহাটিতে দলের অসম প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে ৮০ পৃষ্ঠার ৩১টি অঙ্গীকার সংবলিত বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন সর্বানন্দ। তিনি বলেন, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি-র ‘সংকল্পপত্র’ তিন লক্ষের বেশি মানুষের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
সংকল্পপত্র তৈরির প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করে সনোয়াল বলেন, দলের কার্যকর্তারা রাজ্যের আনাচে-কানাচে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘আমরা অসমের সব প্রান্তে মানুষের কাছে গিয়েছিলাম। বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী মেয়াদে কী করা উচিত সে সব বিষয়ে মানুষের পরামর্শ নিয়েছি।’ তিনি বলেন, এই সংকল্পপত্রটি ‘জনগণের পরামর্শের প্রতিফলন’। একে তিনি ‘ঐতিহাসিক দলিল’ বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল জনমতের ভিত্তিতে নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করা। তাঁর কথায়, ‘তিন লক্ষের বেশি মানুষ তাঁদের মতামত দিয়েছেন। এটাই জনগণের গণতন্ত্র।’ সংকল্পপত্ৰকে তিনি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।
বিজেপি নেতা সনোয়াল আরও জানান, বিজেপি যদি তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসে, তবে এই সংকল্পপত্রের ভিত্তিতেই কাজ করবে সর। তিনি বলেন, ‘এই দলিলের ভিত্তিতেই আমরা তৃতীয় মেয়াদে কাজ করব।’
নির্বাচনী সম্ভাবনা সম্পর্কে সনোয়াল আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, জোটসঙ্গীদের নিয়ে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করবে। তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, আমরা আমাদের মিত্রদের নিয়ে প্রায় ১০০ আসনের কাছাকাছি পৌঁছব।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস