
কলকাতা, ৩১ মার্চ (হি.স.): গত কয়েক দিন ধরেই কলকাতা এবং শহরতলিতে ঝড়-বৃষ্টি চলছে। সোমবার রাতেও ঝোড়ো হাওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একইসঙ্গে হালকা বৃষ্টিও হয়েছে। মঙ্গলবার সকাল থেকে মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড়-বৃষ্টি বেশি হবে। এই চার জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।
উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও ঝড়বৃষ্টি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ