
আগরতলা, ৩১ মার্চ (হি.স.) : সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল মহাবীর জয়ন্তী। এই উপলক্ষ্যে রাজধানী আগরতলায় প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্টে আয়োজন করা হয় মূল ধর্মীয় অনুষ্ঠানের।
সকালের প্রথম প্রহর থেকেই মহাবীর রিলিজিয়াস ট্রাস্ট প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন জৈন ধর্মাবলম্বীরা। ভক্তরা পূজা-অর্চনা, ভজন-কীর্তন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরকে। দিনভর চলে তাঁর জীবন, দর্শন ও উপদেশ নিয়ে আলোচনা ও ধর্মীয় বক্তৃতা।
এদিন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের আগরতলা শাখার চেয়ারম্যান তরুণ কুমার জৈন জানান, মহাবীর জয়ন্তী জৈন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি উপলক্ষ্যে ভক্তরা নিজেদের বাড়ি এবং মন্দিরে বিশেষ প্রার্থনা, ভজন-কীর্তন ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেন। তিনি বলেন, ভগবান মহাবীরের অহিংসা, সত্য, অপরিগ্রহ ও সংযমের বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মহাবীরের জীবনদর্শন অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জৈন সম্প্রদায়ের উদ্যোগে শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা এবং দান-ধ্যান কর্মসূচিরও আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ