টিটিএএডিসি নির্বাচন : কুমারঘাটের মাছমারা ও করমছড়ায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
কুমারঘাট (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীন ২- মাছমারা ও ৪- করমছড়া আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের সমস্
রিটার্নিং অফিসার


কুমারঘাট (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীন ২- মাছমারা ও ৪- করমছড়া আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আসনগুলিতে নির্বাচনী লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে টিটিএএডিসি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। কুমারঘাট মহকুমাতেও তার ব্যতিক্রম নয়। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রত্যাহারের কাজ সম্পন্ন করা হয়েছে।

কুমারঘাটের মহকুমা শাসক তথা মাছমারা কেন্দ্রের রিটার্নিং অফিসার এনএস চাকমা জানান, গত ২৮ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্দল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয় এবং এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

মাছমারা আসনে এবার মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতীয় জাতীয় কংগ্রেস, তিপ্রা মথা ও ফরওয়ার্ড ব্লকের একজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি দু'জন নির্দল প্রার্থীও নির্বাচনী ময়দানে লড়াইয়ে নেমেছেন।

রিটার্নিং অফিসার আরও জানান, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রথমে একজন মূল এবং একজন ডামি প্রার্থী মনোনয়ন জমা দিলেও পরবর্তীতে মূল প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া একজন নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনী নথিতে ত্রুটি এবং প্রয়োজনীয় প্রস্তাবকের অভাব থাকায় ওই মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, করমছড়া আসনে বিজেপি, তিপ্রা মথা, সিপিআই(এম) এবং কংগ্রেস—এই চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। বাছাই প্রক্রিয়ায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

সব মিলিয়ে পাহাড়ি এলাকাগুলিতে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande