গণরাজ চৌমুহনী কাণ্ডে অপহরণ নয়, রড চুরির অভিযোগে গ্রেফতার দুই
আগরতলা, ৩১ মার্চ (হি.স.): রাজধানী আগরতলা শহরের গণরাজ চৌমুহনী এলাকায় সোমবার দুপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া অপহরণের গুজবের অবসান ঘটল পুলিশের স্পষ্টিকরণে। পূর্ব আগরতলা থানার পুলিশ জানিয়েছে, এটি কোনও অপহরণের ঘটনা নয়; বরং স্মা
রড চুরির দায়ে গ্রেফতার দুই


আগরতলা, ৩১ মার্চ (হি.স.): রাজধানী আগরতলা শহরের গণরাজ চৌমুহনী এলাকায় সোমবার দুপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া অপহরণের গুজবের অবসান ঘটল পুলিশের স্পষ্টিকরণে। পূর্ব আগরতলা থানার পুলিশ জানিয়েছে, এটি কোনও অপহরণের ঘটনা নয়; বরং স্মার্ট সিটির নির্মাণস্থল থেকে রড চুরির অভিযোগে দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গণরাজ চৌমুহনী এলাকায় স্মার্ট সিটির কাজ চলাকালীন রডের কিছু টুকরো পড়ে ছিল। ওই সময় ভাঙারি সংগ্রহকারী দুই যুবক সেই রড নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনাটি নজরে আসতেই স্মার্ট সিটির কাজের সঙ্গে যুক্ত এক আধিকারিক গাড়ি থামিয়ে তাঁদের আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে কয়েকজন ব্যক্তি দুই যুবককে জোর করে একটি মারুতি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শহরজুড়ে অপহরণের গুজব ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শাকিল মিয়া এবং নয়ন দেব। তাঁদের বাড়ি রাজধানী আগরতলায় আড়ালিয়া এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এর আগেও স্মার্ট সিটির বিভিন্ন নির্মাণস্থল থেকে রড চুরির একাধিক ঘটনা ঘটেছে। তবে প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande