
দুর্গাপুর, ৪ মার্চ (হি.স.): উদ্বাস্তু তকমা কাটিয়ে মিললো নাগরিকত্ব। এসআইআর আবহের মাঝে স্বস্তি ওপার বাংলা থেকে আসা দুই উদ্বাস্তু পরিবারে। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সিএএ সার্টিফিকেট পেল কাঁকসার শিবপুর ও বনকাটির দুই উদ্বাস্তু পরিবার।
কাঁকসার শিবপুরের অজয়পল্লীর বাসিন্দা ডালিম বিশ্বাস। বাংলাদেশের হাটমালঞ্চি টিকারিবাজারে জন্মস্থান। জানা গেছে, ২০০১ সালে বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে চলে আসেন। বর্তমানে কাঁকসার শিবপুর অজয়পল্লীতে বসবাস করছেন। মাস কয়েক আগে তিনি এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন। বুধবার ভারত সরকারের নাগরিকত্ব বিধি অনুযায়ী তাঁর শংসাপত্র আসে। একইরকমভাবে কাঁকসার বনকাটি পঞ্চায়েতের এগারোমাইলের বাসিন্দা পীযূষ মৈত্রও ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। জানা গেছে, পীযূষবাবুর জন্মস্থান বাংলাদেশের তিকরডাঙায়। ২০০৪ সালে সে দেশে অত্যাচারিত হয়ে ভারতে আসেন। মাস কয়েক আগে ভারতে নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন করেছিলেন। বুধবার তাঁর কাছেও নাগরিকত্বের শংসাপত্র এসেছে। এদিন পীযূষবাবু বলেন, আমরা খুশি। ভারত সরকার আমাদের নাগরিকত্বের অধিকার দিয়েছে। কৃতজ্ঞ আমরা।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা