
শিলিগুড়ি, ৪ মার্চ (হি.স.): শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষী নগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ডিজে-তে নাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্টিলের রড নিয়ে উন্মত্ত জনতা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন এবং পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্তোষী নগর এলাকায় হোলি উপলক্ষ্যে ডিজে বাজিয়ে নাচগান চলছিল। অভিযোগ, সেই সময় এক পক্ষ এলাকার বাইরে থেকে বেশ কিছু যুবককে নিয়ে সেখানে আসে। নাচ নিয়ে প্রথমে বচসা শুরু হলেও তা দ্রুত হাতাহাতির রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে লাথি-ঘুষি ও স্টিলের রড দিয়ে হামলা চালায়। এই সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ