
কুলতলি, ৪ মার্চ (হি.স.): পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত অনন্ত সাঁপুইকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনাটি ঘটেছে বুধবার|
কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের অভিযোগ, ঘটিহারানিয়া বাজারের নিজস্ব দোকানে যাওয়ার পথে অনন্ত সাঁপুইয়ের উপরে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ লাগে অনন্তের শরীরে। স্থানীয় মানুষজন তাঁর চিৎকার শুনে ছুটে এসে উদ্ধার করেন। প্রথমে তাঁকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা