




গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : জনতার আশীর্বাদ নিতে আজ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ধেমাজি, চিচিবরগাঁও এবং জোনাই বিধানসভা এলাকায় বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’য় অংশগ্রহণ করেছেন। ‘জন আশীর্বাদ যাত্রা’য় হাজারো প্রবীণ-প্ৰবীণা, যুবক-যুবতী সহ সমাজের সর্বস্তরের মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে পা মিলিয়েছেন। জনতার অভূতপূর্ব সমর্থনকে তাঁর রাজনৈতিক জীবনের অকল্পনীয় ঘটনা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
আজ বৃহস্পতিবার সুবনশিরি মহাবিদ্যালয়ের মাঠ থেকে বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু হয়ে মইনাপাড়া গ্রামের মধ্য দিয়ে চিচিবরগাঁও হয়ে গোগামুখ শহর, চিমেনচাপরি প্রভৃতি অঞ্চল অতিক্রম করে জোনাইয়ে যাত্রার সমাপ্তি ঘটেছে।
প্রদেশ বিজেপির সদর কার্যালয় অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে প্রেরিত এক প্রেস বিবৃতিতে মিডিয়া প্যানালিস্ট আশিস ভরালি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক ও বিকশিত অসম গঠনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা যে গুরুত্বপূর্ণ উন্নয়নের মাইলফলক স্থাপন করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা ও আশীর্বাদের নিদর্শন হিসেবে জন আশীর্বাদ যাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এই যাত্রায় অসম বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়ার অংশগ্রহণ তৃণমূল কার্যকর্তাদের আরও উৎসাহিত করেছে।
ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট এবং তিনসুকিয়া জেলার মানুষ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল উৎসাহ দেখিয়েছেন। এই উচ্ছ্বাস শুধু শহরেই নয়, গ্রামীণ এলাকায়ও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ভরালি আরও উল্লেখ করেছেন, বিজেপি সরকারের আমলে এই জেলাগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ভূমি, সাধারণ মানুষ এবং বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুজ্জীবনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ব্যাপক উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাজার হাজার বিঘা দখলকৃত জমি উদ্ধার করে অপরিচিত (সন্দেহভাজন বাংলাদেশি) ব্যক্তিদের কবল থেকে মুক্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস