
মানিকচক, ৫ মার্চ (হি. স.) : মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় হোলির রাতে গুলি চলা ও গণধোলাইয়ের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন গণধোলাইয়ে আহত রেশন ডিলার সমীর দাশগুপ্ত (৬২) এবং গুলিবিদ্ধ নাবালক সমর রজক (১৪)।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোলির রাতে সমীর দাশগুপ্তের নাবালক ছেলের সঙ্গে গ্রামের কয়েকজনের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা একটি বন্দুক থেকে সমীর দাশগুপ্তের ছেলে গুলি চালায়। এতে চারজন গুরুতরভাবে আহত হন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা সমীর দাশগুপ্তকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে এবং গুলিবিদ্ধদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসকরা সমীর দাশগুপ্ত ও সমর রজককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত নাবালক ছেলে পলাতক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মানিকচক থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়