
হাফলং (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : শুক্রবার ডিমা হাসাও জেলা সফরে আসছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। ডিমা হাসাও সফরের আগে আজ বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিভাগের অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে এক পর্যালোচনা সভা করেছেন তিনি।
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব পার্থসারথি জহরি ভিডিও চলাকালীন সমস্ত বিভাগের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। ভাৰ্চুয়াল সভায় সমস্ত বিভাগীয় প্রধান, অ্যাপেক্স সংস্থা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, কৃষি বিভাগ ইত্যাদির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের উন্নয়নমূলক কাজের সামগ্রিক পর্যালোচনা করেছেন।
উল্লেখ্য, কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার শুক্রবার ডিমা হাসাও জেলা সফরে এসে হাফলঙের আশপাশ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনা প্রকল্পের রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এমই ও এলপি স্কুল, ন্যায্য মূল্যের দোকান, স্বাস্থ্য উপ-কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি জেজেএম প্রকল্প, পিএমএওয়াই-জি ইত্যাদির মতো কিছু প্রকল্পের কাজ পরিদর্শন করবেন মন্ত্ৰী। তাছাড়া তিনি হাফলং সিভিল হাসপাতাল, হাফলং পিএম শ্রী সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করবেন।
হাফলং শহরের পার্শ্ববর্তী সামপারিডিসা গ্রামও পরিদর্শনে গিয়ে গ্রামবাসী এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব