
ঝাড়গ্রাম, ৫ মার্চ (হি. স.) : বিয়েবাড়ি থেকে ফেরার পথে বালি বোঝাই লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরেক যুবক। বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার চুনপাড়া পোল্ট্রি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম হরিস মাহাত (২৪)। তাঁর সঙ্গে ছিলেন তন্ময় মাহাত (২৮)। ওইদিন রাতে বাঁকড়া এলাকা থেকে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। চুনপাড়া পোল্ট্রি ফার্মের সামনে পৌঁছলে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালি বোঝাই লরি তাদের ধাক্কা মারে।
ধাক্কায় ঘটনাস্থলেই হরিস মাহাতের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আহত দুই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হরিস মাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তন্ময় মাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো