চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিনপুরে ডেপুটেশন
ঝাড়গ্রাম, ৫ মার্চ (হি.স.) : চিকিৎসা পরিষেবা ও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটি। এদিন শতাধিক এলাকার বাসিন্দাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করে সংগঠনট
চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিনপুরে ডেপুটেশন


ঝাড়গ্রাম, ৫ মার্চ (হি.স.) : চিকিৎসা পরিষেবা ও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটি। এদিন শতাধিক এলাকার বাসিন্দাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

মিছিলে নেতৃত্ব দেন কমিটির সভাপতি বটকৃষ্ণ মাইতি, সহ-সভাপতি শিবপ্রসাদ মণ্ডল এবং সদস্য সৌমেন মাইতি। পরে সভাপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে ১০ দফা দাবি-পত্র তুলে দেয়।

দাবির মধ্যে ছিল হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা-সহ একাধিক বিষয়। পাশাপাশি বিনপুর থেকে হাসপাতাল পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবিও তোলা হয়।

আন্দোলনকারীদের দাবি, বিষয়গুলি শোনার পর ব্লক স্বাস্থ্য আধিকারিক কয়েকটি দাবির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়ের সংখ্যা বৃদ্ধি ও নিয়মিত পরিষ্কার রাখা, রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহ এবং হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার আশ্বাস দিয়েছেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক আনার উদ্যোগ ও হাসপাতাল চত্বরে একটি ফেয়ার প্রাইস ওষুধের দোকান চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে আন্দোলনকারীরা জানান।

কমিটির দাবি, বিনপুর এলাকায় এ ধরনের নাগরিক আন্দোলন আগে খুব একটা দেখা যায়নি। ফলে তাদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এর আগে কমিটির নেতৃত্বে বিনপুর থেকে আমকলা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার রাস্তা নির্মাণের দাবিতে আন্দোলন হয়েছিল এবং পরে সেই দাবি পূরণ হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande