
কলকাতা, ৫ মার্চ (হি.স.): বিধানসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড়সড় মোড়। ইস্তফা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, খবর খাঁটি সত্যি।
রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, তা নিয়ে তুঙ্গে জল্পনা। ওয়াকিবহাল মহলে কারণ নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, এই সিদ্ধান্ত তাঁর নিজের নয়, কোনও চাপে পড়েই পদত্যাগ করেছেন আনন্দ বোস।
এদিন সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স বার্তায় একথা স্বীকার করেছেন। সেই সঙ্গে লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি।
এই ধরনের কর্মকাণ্ড ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে অবশ্যই সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত