
ফটিকরায় (ত্রিপুরা), ৫ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন লালডহর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ির প্রায় সমস্ত সামগ্রী। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে সিলিন্ডার বিস্ফোরণের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা পূর্ণ দেবনাথ ওরফে টুটনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখতে পান বাড়িতে আগুন জ্বলছে।
খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িকে গ্রাস করে নেয়। ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী।
খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে বাড়ির অধিকাংশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন পূর্ণ দেবনাথ। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের প্রায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এদিকে গৃহিণী লাভলী দেবনাথ জানান, সকাল থেকেই তিনি গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। তবে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় সন্ধ্যায় রান্নার জন্য চুলোয় দেশলাই জ্বালাতেই হঠাৎ আগুন ধরে যায় ঘরে। আতঙ্কিত হয়ে তারা তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
পূর্ণ দেবনাথ পেশায় একজন গাড়িচালক। অগ্নিকাণ্ডে তার ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও পুড়ে নষ্ট হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় মানুষ ধ্বংসস্তূপের মধ্যে থেকে কিছু নথিপত্র উদ্ধারের চেষ্টা করেন। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ